২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমানী মেডিকেলে ‘সেবককে পেটালেন নবিশ চিকিৎসকরা’

সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকরা শিক্ষানবিশ সেবকদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 04:26 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

সোমবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের ৪র্থ তলার ৫ নম্বর ওয়ার্ডে এ হামলায় একজন গুরুতর আহত হয়েছেন বলে সেবকরা অভিযোগ করছেন।

তাদের দাবি, হামলার শিকার সিলেট নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থী পলয়ের অবস্থা গুরুতর। তাকে ওই হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।    

হামলায় আহত অপর পাঁচ জন হলে নিলা খাতুন, অসীম দে, জাহিরা সুলতানা, জাহিদ ও জাহাঙ্গীর। এদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

হাসপাতালের উপ-পরিচালক তন্ময় ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পলয়ের উপর হামলা ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

শিক্ষানবিশ সেবকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে হাসপাতালের ওই ওয়ার্ডে দায়িত্বরত শিক্ষানবিশ চিকিৎসক তোফায়েল আহমদ ও জনির সঙ্গে পলয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা পলয়কে মারধর করে আহত করেন।

এর কিছুক্ষণ পর হাসপাতালের আরো কয়েকজন শিক্ষানবিশ চিকিৎসক জড়ো হয়ে পলয়ের ওপর আরেক দফা হামলা চালান। তারা পলয়কে মারধর করে হাসপাতালের মেঝেতে ফেলে রাখেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পলয়কে উদ্ধার করে।

এ ঘটনার প্রতিবাদে সিলেট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন এবং হাসপাতালে সেবাদান থেকে বিরত রয়েছেন।

খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানার ওসি আতাউর রহমানঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে কথা বলতে গেলে নবিশ চিকিৎসকরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।