২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলাবদ্ধতা প্রতিরোধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি)  এই সংক্রান্ত সব প্রকল্প নিয়ে তদন্তের দাবি জানিয়ে মানববন্ধন হয়েছে বন্দর নগরীতে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 08:06 PM

Updated : 13 Oct 2022, 12:06 PM

রোববার চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে জনউদ্যোগ, পিপলস ভয়েস ও পরিবেশ ছাত্র ফোরামের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মৌসুমের প্রথম ভারী বর্ষণে বন্দর নগরীর বেশির ভাগ এলাকা তলিয়ে যাওয়ার সাত দিন পর এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ধরেছিলেন, যাতে লেখা ছিল,‘জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে কবে? মেয়র মহোদয় জবাব দিন’, ‘পানির নিচে মুরাদপুর, কেমনে হবে সিঙ্গাপুর’, ‘২০০ কোটি টাকার উন্নয়ন, জলমগ্ন নগর জীবন’।

মানববন্ধনে পিপলস ভয়েসের সভাপতি শরীফ চৌহান বলেন, জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি পেতেই বন্দর নগরীবাসী ভোটের মাধ্যমে নগর পিতা পরিবর্তন করেছিলেন। চার বছর পেরিয়ে গেলেও কোনো উন্নতি হয়নি।

“বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে- গত চার বছরে এ খাতে দেড়শ কোটি টাকা খরচ হয়েছে। এসব প্রকল্পে কোনো নয়-ছয় হয়েছে কি না, তা তদন্ত করে দেখতে হবে। প্রয়োজনে এসব বিষয়ে গণশুনানি করতে হবে।”

সমাবেশ থেকে জলাবদ্ধতা নিরসনে কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে অন্যতম হলো-  জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের অবহেলা ও দুর্নীতির তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, জলাবদ্ধতা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটিতে বিশেষজ্ঞ-পরিবেশবাধী ও নাগরিক প্রতিনিধি অর্ন্তভুক্ত করা এবং রাতের বেলা আবর্জনা অপসারণ।

পরিবেশ ছাত্র ফোরামের আহ্বায়ক সৈয়দ মুহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জনউদ্যোগের সমন্বয়ক শ্যামল মজুমদার, বর্ণালীর নির্বাহী পরিচালক সালাউদ্দিন কবির সুমন, পরিবেশ ছাত্র ফোরামের সমন্বয়ক সৈয়দ মুহাম্মদ আতিকুর রহমান, সাংবাদিক প্রীতম দাশ, খেলাঘর সংগঠক প্রিন্স রুবেল প্রমুখ।