২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত আইডিয়াল স্কুলের ছাত্র মাদারীপুরে উদ্ধার

রাজধানীর মতিঝিল  থেকে অপহৃত আইডিয়াল স্কুল এন্ড কলেজের এক ছাত্রকে মাদারীপুরের শিবচর উপজেলা থেকে উদ্ধার করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাদারীপুর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 06:49 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

শনিবার রাতে শিবচরের কাঁঠালবাড়ি এলাকার পদ্মা নদীর চর থেকে মিজানুর রহমান নাঈমকে উদ্ধার করা হয়েছে।

নাঈম রাজধানীর আইডিয়াল স্কুল এন্ড কলেজের বনশ্রী শাখার দশম শ্রেণির ছাত্র।

উদ্ধারের সময় অপহরণকারী অভিযোগে শিবচরের মানিকপুর এলাকার এনতাজউদ্দিন হাওলাদারের ছেলে আলমগীর ও সিরাজগঞ্জের মুক্তার হোসেন নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।

নাঈম সাংবাদিকদের জানান, শনিবার সকালে কোচিং এ যাওয়ার সময় আলমগীর ও মুক্তার তাকে মায়ের মৃত্যুর কথা বলে প্রাইভেটকারে ওঠায়।  

পরে তারা নাঈমকে মুন্সিগঞ্জ আনে। এরপর স্পিডবোটযোগে নিয়ে যায় পদ্মার চরে। সেখানে অপহরণকারীরা তাকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করে।

শিবচরের স্থানীয় ফরহাদ মাতুব্বর জানান, চরের মধ্যে কয়েকজন লোককে ধস্তাধস্তি করতে দেখে তিনি সেখানে যান। পরে ফরহাদকে দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি চিৎকার এলাকাবাসীকে খবর দেন।

পরে এলাকাবাসী এসে নাঈমকে উদ্ধার করে থানায় এবং তার পরিবারকে খবর দেয়।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসী ছাত্রটিকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

এ সময় এলাকাবাসী দুই অপহরণকারীকে পুলিশে সোর্পদ করে বলেও তিনি জানান।

তিনি জানান, এ ব্যাপারে একটি অপহরণ মামলা হবে।