নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ীর সন্ধান দাবিতে সোমবার চট্টগ্রামে সমাবেশ
চট্টগ্রামের ‘নিখোঁজ’ স্বর্ণ ব্যবসায়ী পলাশ ধরের সন্ধান দাবিতে সোমবার চট্টগ্রাম শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করবে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।
রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সমাবেশের ঘোষণা দেন সমিতির চট্টগ্রাম শাখা।
গত ১২ মে বিকালে চট্টগ্রাম থেকে নোয়াখালী গিয়ে ‘নিখোঁজ’ হন স্বর্ণ ব্যবসায়ী পলাশ ধর।
তিনি নগরীর চকবাজার ধনিয়ার পুল এলাকায় নিউ এসএন জুয়েলার্স দোকানের মালিক।
এ ঘটনায় পলাশের ছোট ভাই শিমুল ধর চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জুয়েলার্স সহ-সভাপতি মৃণাল ধর বলেন, “সাত দিন ধরে পলাশ ধরের সন্ধান না পাওয়ায় তার পরিবারের সদস্যরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।”
তিনি যেকোন মূল্যে পলাশ ধরকে জীবিত ফিরে পাওয়ার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে পলাশ ধরের স্ত্রী নিপা ধর ও তার দুই সন্তান, জুয়েলার্স সমিতির সহ-সভাপতি কামাল পাশা, রূপন কান্তি ধর, সুজিত বরণ ধর প্রমুখ উপস্থিথ ছিলেন।
