কক্সবাজারে পাহাড় থেকে অপহৃত ব্যবসায়ীর লাশ উদ্ধার
কক্সবাজার শহরের একটি পাহাড় থেকে অপহৃত এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার শহরের দক্ষিণ লাইটহাউজ এলাকার একটি পাহাড়ের ঢালে মাটিচাপা দেয়া ব্যবসায়ী আজিজুল হক আরজুর (৩৫) লাশ উদ্ধার করা হয়।
অভিযানের সময় অপহরণকারীদের সঙ্গে গোলাগুলিতে কক্সবাজার সদর থানার ওসি মাহফুজুর রহমানসহ চার পুলিশ আহত হয়েছেন বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ।
ওসি মাহফুজুর রহমান বলেন, গত ৯ মে শহরের কালুর দোকান এলাকা থেকে দুর্বৃত্তরা পাহাড়তলী এলাকার আরজুকে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় তার পরিবার থানায় মামলাও করেছিল।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার দক্ষিণ লাইটহাউজ এলাকার ওই পাহাড়ে অভিযান চালিয়ে আরজুর লাশ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিসহ অপহরণকারী দলের চার সদস্যকে আটক করা হয়েছে। এরা হলেন মুবিন, নিখিল, নূর বাহার, মরিয়ম।
