গোপালগঞ্জে আগুনে পুড়িয়ে ৪ জনকে হত্যা
গোপালগঞ্জে ঘরের বাইরে থেকে দরজায় শিকল লাগিয়ে জামাতার দেয়া আগুনে পুড়ে শাশুড়িসহ চার জন নিহত হয়েছেন।
শনিবার মধ্যরাতে সদর উপজেলার ডুমদিয়া গ্রামে এ ঘটনায় নিহতরা হয়েছে ওই গ্রামের মৃত দেলোয়ার গাজীর স্ত্রী ফুড়িয়া বেগম (৬৫), ফুড়িয়া বেগমের নাতি তামিম (৮), আমিনুর সরদার (১৩) ও নাতনি তনিমা (৫)।
একই দিন সন্ধ্যায় জামাতা আজাদ মোল্লা মোবাইল ফোনে তার শাশুড়ি ফুড়িয়া বেগমকে (৬৫) আগুনে বাড়িঘর জ্বালিয়ে সবাইকে পুড়িয়ে মারার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন তার স্ত্রী শরিফা বেগম।
রোববার দুপুরে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “এ ঘটনার হোতা আজাদ ধরা পড়েছে। সে তার অপরাধ স্বীকার করেছে।”
এ ঘটনায় শরিফা বেগমের বোন রনি বেগম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত তনিমা গুরুতর আহত রনি বেগমের মেয়ে। এছাড়া তামিম ডুমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এবং ফুড়িয়া বেগমের আরেক মেয়ের সন্তান আমিনুর মানিকহার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
গোপালগঞ্জের এএসপি সার্কেল মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
অভিযুক্ত জামাতা আজাদ মোল্লা চরমানিকদহ গ্রামের বাসিন্দা।
আজাদ মোল্লার স্ত্রী শরিফা বেগম বলেন, পারিবারিক কলহের জের ধরে আজাদের সঙ্গে মনোমালিন্য চলতে থাকায় তিনি দুই ছেলে সাব্বির ও বাপ্পীকে নিয়ে মায়ের সঙ্গে থাকতেন। দুই দিন আগে দুই ছেলেকে আজাদ কৌশলে নিজের কাছে নিয়ে যায়।
শরিফা বলেন, “এরপর শনিবার সন্ধ্যায় আজাদ আমার মাকে মোবাইলে ফোন করে আগুনে বাড়িঘর জ্বালিয়ে সবাইকে পুড়িয়ে মারার হুমকি দেয়।”
তিনি অভিযোগ করে বলেন, রাতে মা, বোন ও বোনের ছেলে মেয়েসহ তিনি ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে আজাদ ঘরের বাইরে থেকে দরজার শিকল লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়।
আগুনে তিনি চিৎকার দিয়ে জানালা ভেঙ্গে বের হতে পারলেও অন্যরা দরজার বাইরে থেকে শিকল লাগানো থাকায় বের হতে পারেনি। ঘরের মধ্যেই মা ও দুই ভাগ্নে মারা যায়।
বোন রনি ও ভাগ্নি তনিমাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। রাত ২ টার দিকে হাসপাতালে মারা যায় তনিমা। বোন রনির অবস্থাও আশংকাজনক বলে জানান তিনি।
পাইককান্দি ইউপি চেয়ারম্যান মনির গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সোয়া ১১টার দিকে ফুড়িয়া বেগমের ঘরে তারা আগুন দেখতে পান।
ফুড়িয়া বেগমের প্রতিবেশী চান মিয়া ও ইলিয়াস বলেন, পেট্রোল ঢেলে আগুন দেয়ায় মাটিতে পর্যন্ত আগুন ধরতে দেখা গেছে।
পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা রাতেই ঘটনাস্থলে ছুটে যান। এএসপি মনিরুল ইসলাম বলেন, “পুলিশ এ ঘটনার তদন্তে নেমেছে। অভিযুক্ত আজাদকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।”
