বেনাপোল সীমান্তে নারী ও শিশুসহ আটক ২২
অবৈধ পথে ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে নারী ও শিশুসহ ২২ জনকে আটক করেছে বিজিবি।
শনিবার বেনাপোলের পুটখালি সীমান্তের বালুরমাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ১৩ জন পুরুষ, সাত জন নারী ও দুটি শিশু রয়েছে।
আটকদের বাড়ি নড়াইল, পিরোজপুর, খুলনা ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।
পাচারকারী দালাল চক্রের কাউকে আটক করতে পারেনি জানিয়েছে বিজিবি।
খুলনা ২৩ বিজিবির পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার শফিউদ্দিন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দালালরা মিথ্যা প্রলোভন দেখিয়ে অবৈধ পথে ভারতে পাচার করছে খবর পেয়ে বিজিবি টহলদল অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকের পর তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি কর্মকর্তা জানান।
বেনাপোল পোর্ট থানার এসআই শরীফ হাবিবুর রহমান হাবিব জানান, এ ঘটনায় অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটকদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
