রাজশাহীতে থানায় আসামির মৃত্যু, তদন্ত কমিটি
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা হাজতে এক আসামির মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে পুলিশ।
শুক্রবার রাত ১১টার দিকে থানার হাজতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় রুহুল আমিনের (১৮) লাশ। ওইদিন বিকালে নগরীর নামোভদ্রা এলাকা থেকে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান জানান, শনিবার বিকালে এ ঘটনায় উপ-পুলিশ কমিশনার (পুর্ব) প্রলয় চিসিমকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শনিবার বিকালে মৃতদেহ গ্রহণের সময় রুহুল আমিনের বড় ভাই সিরাজুল ইসলামের অভিযোগ, রুহলকে পুলিশ পিটিয়ে হত্যা করে ঘটনা ধামাচাপা দিতে মৃতদেহ ঝুলিয়ে রেখেছে।
প্রতিবন্ধী রুহুল একটি পা নেই উল্লেখ করে সাংবাদিকদের তিনি বলেন, কৃত্রিম পা লাগিয়ে সে চলাফেরা করত। অত উঁচুতে টয়লেটের ভেন্টিলেটরের রডের সঙ্গে কাপড় বাঁধা তার পক্ষে সম্ভাব নয়।
এর আগে বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ আহাম্মেদ রাশেলের উপস্থিতিতে বোয়ালিয়া থানায় পুলিশ রুহুল আমিনের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পরে তার লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকাল ৪টায় পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করে পুলিশ।
মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান বলেন, আসামি কীভাবে মারা গেছে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন পাবার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
