২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে খুনের মামলা ‘আপোসের উদ্যোগ’

ফরিদপুরে একটি হত্যা মামলা সাড়ে ১৫ লাখ টাকায় আপোসের উদ্যোগ নেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ফরিদপুর প্রতিনিধি

মফিজুর রহমান শিপন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 09:37 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদ এ মাওলা সোহেলের আদালতে রোববার (১৮ মে) মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।

এ ধরনের মামলায় আপোস করার কোনো সুযোগ না থাকলেও বোয়ালমারী উপজেলার স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এ উদ্যোগ নেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ২ অগাস্ট জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে খুন হন উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়া গ্রামের যুবক আবুল কালাম।

তার বড় ভাই তাজুল ইসলাম বাদী হয়ে ওইদিনই বোয়ালমারী থানায় ২০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি ১২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। কিন্তু বাদী নারাজি আবেদন করার প্রেক্ষিতে পরবর্তীতে পুলিশ অভিযোগপত্রে আরো তিন আসামির নাম যুক্ত করে।

বাদী ও আসামিপক্ষের লোকজন জানান, মামলাটি স্থানীয়ভাবে মীমাংসা করার উদ্যোগ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

গত ২মে ময়না ইউনিয়ন পরিষদ সদস্য নায়েব আলীর বাড়িতে মামুনের মধ্যস্থতায় মামলার বাদী ও আসামিপক্ষের মধ্যে আপোষ-মীমাংসার বৈঠক হয়।

সেখানে মামলায় রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট খসরুজ্জামান দুলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৈঠকে সাড়ে ১৫ লাখ টাকার বিনিময়ে হত্যার মামলার সাক্ষীরা দুর্বল সাক্ষ্য দিতে সম্মত হন বলে জানান।

এ ব্যাপারে নিহতের ভাই ও মামলার অন্যতম সাক্ষী বাহারুল ইসলাম বলেন, “ওরা (আসামিমপক্ষ) টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যদি টাকা পাই তাহলে এক রকম সাক্ষ্য দিব, যদি না পাই তাহলে আরেকরকম সাক্ষ্য দিব।”

মামলার অন্যতম আসামি (মধ্যস্থতারকারী আ. লীগ নেতা মামুনের আত্মীয়) আবুল খায়ের জানান, “বৈঠকে মামুন ছিল, রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিল, সেখানে সাড়ে ১৫ লাখ টাকা মামুনের মাধ্যমে বাদীপক্ষ ও অন্যদের দেওয়ার সিদ্ধান্ত হয়।”

ফরিদপুর জজ আদালতের পিপি ও মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খসরুজ্জামান দুলু বলেন, বাদী ও আসামিপক্ষ আমার গ্রামের লোক। মধ্যস্থতা বৈঠকের দিন আমি গ্রামের বাড়ি থাকায় স্থানীয়দের আহবানে আমাকে সেখানে উপস্থিত থাকতে হয়ে ছিল।”

হত্যা মামলাটি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগের কথা স্বীকার করেন তিনি।  

স্থানীয় ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আজম মৃধা এ প্রসঙ্গে বলেন, “আমাকে রহস্যজনক কারণে ওই বৈঠকে ডাকা হয়নি। হত্যার মতো ঘটনার বিচার হওয়া উচিত, এ ধরনের ঘটনার বিচার না হলে সমাজের অপরাধীরা উৎসাহিত হবে।” 

বোয়ালমারী থানার ওসি রুহুল আমিন বলেন, হত্যা বা ধর্ষণের ঘটনা সামাজিক নিষ্পত্তিযোগ্য নয়। তবে অনেক সময় আসামিপক্ষ বাদীপক্ষকে অর্থ দিয়ে সাক্ষীকে প্রভাবিত করে, এটা আইন সম্মত নয়।

এ ব্যাপারে মধ্যস্থতাকারী আব্দুল্লাহ আল মামুন বলেন, “হত্যা মামলার আসামি খায়ের আমার বোন জামাই, অন্যদিকে বাদীপক্ষ আমার গ্রামের লোক। উভয় পক্ষের অনুরোধে আমি আপোষ-মীমাংসার উদ্যোগ নিয়েছি।”

সাড়ে ১৫ লাখ টাকায় মীমাংসার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, “আমার কাছে এখনো টাকা জমা দেওয়া হয়নি, তবে রোববার (১৮মে) সাক্ষীদের সাক্ষ্য দেওয়ার ধরনের উপর নির্ভর করে আসামিপক্ষ আমার কাছে টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।”