উখিয়ায় বনকর্মীদের ওপর হামলা
কক্সবাজারের উখিয়ায় অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে বন বিভাগের কর্মীরা হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার দুপুর ১টার দিকে পালংখালীতে এ ঘটনার সময় কল মালিকের লোকজন সেখান থেকে জব্দ করা মালামাল ছিনিয়ে নেয়।
উখিয়া থানার ওসি অংসা থোয়াই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি জানিয়েছেন।
উখিয়া বন বিভাগের কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেন জানান, অভিযানের সময় একটি করাত কলের মালিক ইব্রাহিম আজাদ ও তার লোকজন বন কর্মীদের উপর হামলা চালায়। এ সময় করাত কলের জব্দ করা মালামালও ছিনিয়ে নেয় তারা।
পালংখালী ইউপি সদস্য ফজল কাদের ভুট্টোও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি অংসা থোয়াই জানান, হামলার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে বন কর্মীদের উদ্ধার করে।
লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
