বিজিবির প্রতিবাদ ও বিডিনিউজ২৪ এর বক্তব্য
রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে গত ১৩ মে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যার শিরোনাম ছিল- ‘টাকা নিয়ে’ রোহিঙ্গাদের ঢুকতে দিচ্ছে বিজিবি।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মহসিন রেজা শনিবার দেয়া এক প্রতিবাদলিপিতে খবরটিকে ‘কাল্পনিক’, ‘মনগড়া’ ও ‘অসত্য’ বলেছেন।
“সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ব্যতিরেকে প্রতিবেদনে কথিত অনুসন্ধানের নামে যে ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে তা মনগড়া।”
প্রতিবেদকের বক্তব্য
প্রকাশিত খবরের কোন অংশটি ‘অসত্য’, তা বিজিবির প্রতিবাদলিপিতে বলা হয়নি।
স্থানীয়দের দেয়া তথ্য এবং টেকনাফের হ্নীলার জাদিমুরায় এলাকায় গত ২৭ থেকে ২৮ এপ্রিল সরেজমিন অনুসন্ধান করে প্রতিবেদনটি তৈরি করা হয়।
ওই সময়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক নিজে রোহিঙ্গাদের অনুপ্রবেশ সরাসরি দেখেছেন। এ সংক্রান্ত ছবিও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত হয়েছে।
এই ছবি সম্পর্কে বিজিবি সদরদপ্তর স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি। এ সংক্রান্ত আরো কিছু ছবিও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে রয়েছে।
তাছাড়া খবরে এসব অভিযোগের ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যও নেয়া হয়েছে।
