২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটের হুমকি সিএনজি স্টেশন মালিকদের

সাত দফা দাবি বাস্তবায়নে সরকারকে সাত দিন সময় বেঁধে দিয়ে তার মধ্যে না হলে আগামী শনিবার থেকে ধর্মঘটের হুমকি দিয়েছে সিএনজি স্টেশন মালিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 06:53 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

বাংলাদেশ সিএনজি স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কসপ ওনার্স অ্যাসোসিয়েশন শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেয়।

এই দাবিতে গত বছরের জুলাই মাসে ধর্মঘটে গিয়েছিল সিএনজি স্টেশন মালিকরা। তবে পরে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ও জ্বালানি সচিবের সঙ্গে বৈঠকের পর তা কর্মসূচি প্রত্যাহার করেছিল।

সংগঠনের সভাপতি জাকির হোসেন নয়ন বলেন, “গত ৩১ ডিসেম্বর জ্বালানি সচিব ওই দাবিগুলো বাস্তবায়নের জন্য পেট্রোবাংলা চেয়ারম্যানকে নির্দেশ দেন। কিন্তু এখনো দাবিগুলো বাস্তবায়ন করা হয়নি।”

এই সপ্তাহে দাবি পূরণ না হলে আগামী শনিবার স্টেশন মালিকরা বৈঠক করে কর্মসূচি ঘোষণা করবে বলে তিনি জানান।

তাদের দাবিগুলো হল- বর্ধিত বিদ্যুৎমূল্য ও সিএনজি মালিকদের মার্জিন সমন্বয় করা, মালিকদের মার্জিন বৃদ্ধি করা, ফিড গ্যাসের বর্ধিত মূল্য নিরাপত্তা চেক জামানত রাখা, স্টেশন থেকে গ্যাস রেশনিং প্রথা প্রত্যাহার করা, প্রতিশ্রুত ৫৮টি স্টেশনে গ্যাস সংযোগ দেয়া, সিএনজি স্টেশনে ইটিসি মিটার স্থাপন করা এবং সিএনজি খাত সংক্রান্ত সরকারি সব সিদ্ধান্তের সময় তাদের মতামত নেয়া।