ক্যাডেট কলেজে ৩ জন বাদে সবাই জিপিএ-৫
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজ থেকে তিনজন ছাড়া সবাই জিপিএ-৫ পেয়েছে, পাস করেছে শতভাগ।
বাংলাদেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে এবার এসএসসিতে ৬১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে।
ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৫০ শিক্ষার্থীর মধ্যে ৪৭ জন জিপিএ-৫ পেয়েছে, তিন জন পেয়েছে জিপিএ-৪।
বাকী ১১টি ক্যাডেট কলেজ থেকে এসএসসিতে অংশ নেয়া শতভাগ শিক্ষার্থীই জিপিএ-৫ পেয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শনিবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়।
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৯১ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন।
যশোর বোর্ডে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, সিলেট বোর্ডে সিলেট ক্যাডেট কলেজ এবং বরিশাল বোর্ডে বরিশাল ক্যাডেট কলেজ বোর্ডে প্রথম স্থান দখল করেছে।
অন্যদিকে কুমিল্লা বোর্ডে কুমিল্লা ক্যাডেট কলেজ এবং ফেনী গার্লস ক্যাডেট কলেজ যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
আর মির্জপুর ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ, রংপুর ক্যাডেট কলেজ, পাবনা ক্যাডেট কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
