ফরিদপুরে স্কুলের পিলার ভেঙে দুই শিক্ষার্থী আহত
ফরিদপুর সদর উপজেলার হাড়োকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের ভেঙে পড়া বারান্দার পিলার চাপা পড়ে গুরুতর আহত হয়েছে দুই শিক্ষার্থী।
শনিবার দুপুরে স্কুল চলাকালিন এ ঘটনা ঘটে। এতে ওই স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র আমিনুর রহমান সুজন ও দ্বিতীয় শ্রেণির ছাত্র জাবের হোসেন আহত হয়।
স্কুলের প্রধান শিক্ষক রেহেনা পারভীন বলেন, “তিন মাস আগে ভবনের ফাটল সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছিল।
“আহত দুই শিক্ষার্থীকেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
কয়েকদিন আগে ঝড়ে ওই ভবনের বারান্দার টিনের চাল উড়ে যায় এবং পিলারগুলো নড়বড়ে হয়ে যায় বলে জানা গেছে।
শনিবার দুপুরে স্কুলের শিক্ষার্থীরা ওই বারান্দার পাশ দিয়ে শৌচাগারে যাওয়ায় সময় প্রচণ্ড শব্দে ক্ষতিগ্রস্ত চালসহ বারান্দার পিলারগুলো ভেঙে পড়ে।
এ সময় পিলারের নিচে চাপা পড়ে আমিনুর রহমান সুজন। এতে তার একটি পা ভেঙে যায়।
টিনের আঘাতে জাবের হোসেন আহত হয়। গুরুতর অবস্থায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর অভিভাবকরা বাড়িতে নিয়ে যায়।
