রাজশাহীতে ওস্তাদ রবিউলকে স্মরণ
রাজশাহীতে প্রয়াত ওস্তাদ রবিউল ইসলামকে তার ৬৭তম জন্মদিনে সুরে সুরে স্বরণ করলো তারই প্রতিষ্ঠিত হিন্দোল সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীরা।
শুক্রবার সন্ধ্যায় রাজশাহী চেম্বার ভবন মিলনায়তনে ওস্তাদ রবিউলের এ স্বরণ অনুষ্ঠানে তার জীবন ও কর্ম তুলে ধরা হয়।
ওস্তাদ রবিউল ১৯৪৭ সালে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নবদ্বীপ গ্রামে জন্মান। ২০১৩ সালের ১৫ নভেম্বর তিনি মারা যান। তিনি সঙ্গীত ব্যক্তিত্ব ওস্তাদ মোজাম্মেল হোসেনের ছেলে। বাবার কাছেই তার সঙ্গীতের হাতেখড়ি। তার দাদা শেখ হারান উদ্দীনের সেতারা বাদক হিসেবে সুনাম ছিল।
এছাড়াও রবিউল ইসলাম তার চাচা ইয়াসীন আলী, ওস্তাদ আজিজ বাচ্চু, পণ্ডিত অমরেশ রায় চৌধুরী, উচ্চাঙ্গ সংগীত সাধক ওস্তাদ দাউদ ও সঙ্গীত বিশেষজ্ঞ ওস্তাদ সগিরুদ্দিন খানের কাছে তালিম নেন।
তিনি জাতীয় শিক্ষাক্রম অষ্টম শ্রেণির উচ্চাঙ্গ সংগীত বিষয়ে পাঠ্যপুস্তক রচনা করেন। রবিউল ইসলাম ১৯৭৭ সালে রাজশাহীতে প্রতিষ্ঠা করেন হিন্দোল সঙ্গীত বিদ্যাপীঠ।
