২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার বছরের শিশুকে ‘ধর্ষণ করে’ হত্যা

কিশোরগঞ্জে চার বছরের মিমকে ধর্ষণ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 04:24 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

এ ঘটনায় অভিযুক্ত ঘাতক শাহ আলমকে (২২) আটক করেছে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়েছে, জেলা শহরের গাইটাল এলাকায় নিজ বাড়িতে মায়ের সাথে ঘুমিয়ে থাকা অবস্থায় গত রাত ১১টার দিকে মীমকে একই এলাকার বখাটে যুবক শাহ আলম অপহরণ করে।

পরে খোঁজাখুঁজির পর রাত ১২টার দিকে বাড়ি থেকে আনুমানিক দুই হাজার গজ দূরে এক রাস্তার পাশে তার লাশ পাওয়া যায়।

কিশোরগঞ্জের পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে রাতভর অভিযান চালিয়ে ভোর ৫টার দিকে সদর উপজেলার কাশোয়ারচর গ্রাম থেকে শাহ আলমকে আটক করা হয়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান সাংবাদিকদের জানান, সম্ভবত পাশবিক নির্যাতন চালিয়ে শিশু কন্যাটিকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় শিশু কন্যার অটো রিকশা চালক বাবা মো. নয়ন মিয়া কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেছেন।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, অপহরণ করে ধর্ষণের মাধ্যমে হত্যার অভিযোগে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে রেকর্ড করা হয়েছে।

এদিকে শনিবার দুপুরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে শিশু কন্যার ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।