২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

মাগুরায় সংঘর্ষে আহত কৃষক সুরমান মোল্যা(৬০) শনিবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 04:02 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

শ্রীপুর থানার ওসি আওলাদ হোসেন জানান, নিহতের লাশ ময়না তদন্ত শেষে নিজ বাড়িতে আনার ব্যবস্থা করা হচ্ছে।

গত ১১ মে রোববার আধিপত্য বিস্তার নিয়ে শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সুরমানসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন।

তারাউজিয়াল গ্রামের নজরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তারাউজিয়াল গ্রামের আলী আজম বাবলা ও রফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে গ্রাম্য বিরোধ চলে আসছে।

যা নিয়ে গত ১১ মে রোববার সকালে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়।

আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে সুরমান মোল্যার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ১২টার তিনি মারা যান।

ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।