চাঁপাইনবাবগঞ্জে ভটভটি খাদে পড়ে নিহত ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি যাত্রীবাহী ভটভটি খাদে পড়ে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১০ জন।
শনিবার সকালে উপজেলার মনাকষা বিজিবি ক্যাম্পের পশ্চিমে একটি সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকবর আলী (৬৫) শিবগঞ্জ উপজেলার ঠুঠাপাড়া গ্রামের বাসিন্দা।
শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান জানান, সকাল ১০টার দিকে ঠুঠাপাড়া থেকে ১২/১৩ জন যাত্রী নিয়ে ভটভটিটি শিবগঞ্জ বাজারে যাচ্ছিল। পথে মনাকষা বিজিবি ক্যাম্পের পশ্চিমে সেতুর কাছে চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটিটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
এতে আকবর আলীসহ ১১ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখান থেকে আকবরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
