যশোরে পাসের হার কমেছে
মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলে এ বছর যশোর শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে। এ বছর বোর্ডে পাসের হার ৯২ দশমিক ১৯, যা গত বছর ছিল ৯২ দশমিক ৬২।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবু দাউদ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, এ বছর যশোর বোর্ড থেকে এক লাখ ২৯ হাজার ১৮৩ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে এক লাখ ১৯ হাজার ৯৭জন।
যার হার গত বছরের তুলনায় দশমিক ৪৩ শতাংশ কম।
রাজনৈতিক অস্থিরতার কারণে ফলাফলে এ সামান্য হেরফের হয়েছে বলে মন্তব্য করেন পরীক্ষা নিয়ন্ত্রক।
এবার জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৯৪৪ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ছয় হাজার ১৩৩ ও মেয়ে চার হাজার ৮১১ জন।
ফলাফলে যৌথভাবে বোর্ড সেরা হয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও ফুলতলা মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা।
শীর্ষ দশের তালিকায় এর পরেই রয়েছে সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় খুলনা, খুলনা জিলা স্কুল, যশোর পুলিশ লাইন স্কুল ও কুষ্টিয়া জিলা স্কুল, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ফুলতলা খুলনা, সন্ধ্যামনি কলেজিয়েট স্কুল মেহেরপুর, যশোর জিলা স্কুল, খুলনা পাবলিক কলেজ ও যশোর সরকারি বালিকা বিদ্যালয়। গত বছর ৪৯৫টি স্কুলের শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। এ বছর ৩৮৫টি স্কুলের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। একজনও পাস করতে পারেনি এমন কোনো স্কুল নেই যশোর বোর্ডে।
