শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ আটক ৩
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১২ কেজি সোনাসহ তিনজনকে আটক করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ।
বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার ইশরাত জাহান রুমা জানান, শনিবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের তিন যাত্রীর দেহ তল্লাশি করে ১০১টি সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন ১১ কেজি ৭৬৬ গ্রাম।
আটকৃতরা হলেন, জয়নাল,সবুজ ও রোমান।
তিনি বলেন, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি প্রথমে সিলেট অবতরণ করে। ওই তিন যাত্রী সিলেট থেকে বিমানে চড়েছিলেন।
“শাহজালাল বিমানবন্দরের গ্রিনচ্যানেল পার হওয়ার আগে গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি চালানো হয়। এ সময় দুইজনের জুতার ভেতর ও একজনের বেল্টের ভেতর সেলাই করে রাখা সোনার বারগুলো উদ্ধার করা হয়।”
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
