গণজাগরণ মঞ্চে ঐক্যের ডাক
গণজাগরণ মঞ্চে বিভক্তির আওয়াজ বন্ধের আহ্বান জানিয়েছেন মঞ্চের সঙ্গে সংশ্লিষ্ট ৩৩টি ছাত্র, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
বৃহস্পতিবার শাহবাগের প্রজন্ম চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ আহ্বান জানান সংগঠনগুলোর প্রতিনিধিরা।
এদের মধ্যে বাংলাদে ছাত্র মৈত্রী, জাসদ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র আন্দোলন, ছাত্র ঐক্য ফোরম, বাংলাদেশ ছাত্র সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক ১১টি সাংস্কৃতিক সংগঠনও রয়েছে।
সংবাদ সম্মেলনের আগে সংগঠনগুলোর প্রতিনিধিরা একটি বৈঠকে বসেন, যেখানে গণজাগরণ মঞ্চে সব ধরনের বিভক্তি এড়িয়ে একতাবদ্ধ হয়ে কাজ করতে একমত হন তারা।
সংবাদ সম্মেলনে ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু বলেন, “গণজাগরণ মঞ্চের ব্যানারে দুটি পক্ষ পরস্পর পরস্পরকে নিয়ে কাদা ছোড়াছুড়ি ও পাল্টাপাল্টি কর্মসূচি করছে।
“একে অন্যকে রাজাকার বলে ডাকছে। এতে দেশের জনগণ হতাশ হচ্ছে। লাভবান হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি।”
শুরু থেকে গণজাগরণ মঞ্চের সঙ্গে আন্দোলন চালিয়ে ছাত্রমৈত্রীর সভাপতি বলেন, “দুই পক্ষের পরস্পরবিরোধী অবস্থানের কারণে আমরা সহিংসতার আশঙ্কা করছি।”
অচিরেই যুদ্ধাপরাধের তিনটি মামলায় রায় ঘোষণার সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, “এমতাবস্থায় মঞ্চের মধ্যে বিভক্তি থাকার কোন সুযোগ নেই। তাই আমরা সব পক্ষকে এক হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জাসদ ছাত্রলীগের সভাপতি শামছুল ইসলাম সুমন, ছাত্র ঐক্যের আহ্বায়ক সোহান সোবহান, যুদ্ধাপরাধ বিচার মঞ্চের পক্ষে খালেদুর রহমান শাকিল, টিএসসি কেন্দ্রিক সংগঠনের পক্ষে দেলোয়ার হোসেন রনি উপস্থিত ছিলেন।
গত মাসের শুরুর দিকে শাহবাগে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন প্রজন্ম চত্বরে অবস্থান নিয়ে যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে আসা কয়েকটি সংগঠনের নেতারা। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কর্মীদের সঙ্গে মঞ্চের কয়েক কর্মীর মারামারি ও পাল্টাপাল্টি মামলা হয়।
এরপর ছাত্রলীগসহ কয়েকটি ছাত্র সংগঠন সূচনালগ্ন থেকে মঞ্চের সমন্বয়কারীর দায়িত্ব পালন করে আসা ইমরান এইচ সরকারের বিরুদ্ধে অর্থ আত্নসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ আনে।
১২ এপ্রিল ‘গণজাগরণ মঞ্চের কর্মী ও সংগঠক’ ব্যানারে এক সংবাদ সম্মেলনে ইমরানকে অব্যাহতি দেয়ার কথা বলে নতুন মুখপাত্রের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে জানান ইমরান বিরোধীরা ।
অবশ্য এরপরও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট এবং ব্লগারদের একটি অংশ ইমরানের সঙ্গে রয়েছেন। যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন তারা।
