২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পরিবহন ধর্মঘটের ডাক

অবৈধ যানবাহন চলাচল, চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধসহ ছয় দফা দাবিতে ধর্মঘট ডেকেছে রাজশাহী জেলা বাস-ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 05:43 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাদরুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ২০ মে দুপুর ৩টা থেকে ২১ মে রাত ৮টা পর্যন্ত পরিবহন ধর্মঘট।

ধর্মঘট শেষে ২১ মে বিকেল ৩টায় শহীদ কামারুজ্জামান বাস ট্রার্মিনালের সামনের রাস্তায় মালিক-শ্রমিক সমাবেশ করবেন তারা।

দাবি মানা না হলে ২২ মে থেকে লাগাতার ধর্মঘট দেয়া হবে বলেও সম্মেলন থেকে হুঁশিয়ারি দেন নেতারা।

বাস-ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে শ্যালোযান ও ট্রাক্টরসহ অবৈধ যানবাহন এবং সিএনজি, মাহেন্দ্র, থ্রি হুইলার, ইমার রুট পারমিট বহির্ভূত এলাকায় চলাচল বন্ধ ও রুট পারমিট দেয়া বন্ধ করা।

এছাড়া লিজ দেয়া বিআরটিসি ও দ্বিতল বাসের উপজেলা ভিত্তিক চলাচল বন্ধ, স্কেলের নামে অবৈধ চাঁদাবাজি, বিআরটিএর ট্যাক্স টোকেন ও ফিটনেস এর বর্ধিত ফি প্রত্যাহার এবং সকল প্রকার পুলিশি হয়রানি বন্ধ করা।

সম্মেলনে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক অধ্যাপক মনজুর রহমান পিটার বলেন, প্রশাসনের আশ্বাসের কারণে চলমান এই আন্দোলন স্থগিত ছিল। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ বাস-ট্রাক চালাবে না।

প্রয়োজনে সমগ্র উত্তরাঞ্চল এমনকি সারা দেশেই এ আন্দোলন ছড়িয়ে দেয়া হবে, বলেন তিনি।

সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি রবিউল ইসলাম, সড়ক পরিবহন গ্রুপের সভাপতি এনামুল হক, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবিসহ পরিবহন সংগঠনগুলোর নেতৃবৃন্দ।