গাইবান্ধায় জামায়াত কর্মী খুন
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াতে ইসলামীর এক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পলাশবাড়ী থানার ওসি গোপাল চন্দ্র জানান, বৃহস্পতিবার উপজেলার চৌধুরীর কাছনা এলাকায় ঠুটিয়াপাকুর-পার্বতীপুর সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রোস্তম আলী (৩৫) উপজেলার মহদীপুর গ্রামের মৃত ময়নুল হক মুন্সির ছেলে।
রোস্তম জামায়াতের কর্মী ছিলেন বলে জানিয়েছেন পলাশবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান ও পলাশবাড়ী সদর ইউনিয়ন জামায়াতের আমীর আবু তালেব।
ওসি গোপাল চন্দ্র বলেন, ভোরে সাইকেলে করে শ্বশুর বাড়ি পার্বতীপুর থেকে বাড়ি ফিরছিলেন রোস্তম। পথে ওই এলাকায় কে বা কারা তাকে হত্যা করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়।
নিহতের শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
