২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুতুবদিয়া থানায় মৃত্যু, নির্যাতনের অভিযোগ

কক্সবাজারের কুতুবদিয়া থানা হাজতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 03:35 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার সকালের এ ঘটনাকে পুলিশ আত্মহত্যা দাবি করলেও নিহতের পরিবার অভিযোগ করছে পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

নিহত আবুল কাশেম (৫৫) উপজেলার লেমশখালী ইউনিয়নের পেয়ারাকাটা এলাকার মৃত মো. বকসুর ছেলে।

একটি অপহরণ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আবুল কাশেমকে আটক করা হয়েছিল বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার ওসি মো. আলতাফ হোসেন।

ওসি আলতাফ জানান, গত ২৬ এপ্রিল রাতে লেমশখালীর কেরলা এলাকার ব্যবসায়ী আবু মুসা অপহৃত হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে বুধবার বিকালে আবুল কাশেমকে আটক করা হয়।

তিনি বলেন, মুসার অপহরণকারীদের সঙ্গে কাশেমের যোগাযোগ ছিল। এমন কি মুক্তিপণের টাকা টেকনাফ ইসলামী ব্যাংক শাখায় কাশের একাউন্টে জমা দেয়ার জন্য মুসার পরিবারকে জানানো হয়েছিল।  এ বিষয়টি খতিয়ে দেখার জন্যই তাকে আটক করা হয়।

তিনি আরো বলেন, সকালে থানা হাজতের বাথরুমের রডের সঙ্গে গলায় কাপড় পেচানো অবস্থায় আবুল কাশেমকে ঝুলে থাকতে দেখা যায়। এতে তার মৃত্যু হয়।

পরে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুমিনূর রশিদের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ছেলে নূর মোহাম্মদ (৩০) বলেন,  বাবার বিরুদ্ধে অপরাধ সংশ্লিষ্ট কোনো মামলা নেই। তারপরও পুলিশ তাকে আটক করে শারীরিক নির্যাতন চালিয়েছে। এতে তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন বলেও তিনি জানান।

অভিযোগ অস্বীকার করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ বলেন, ওই ব্যক্তি আত্মহত্যা করেছে। পুলিশের নির্যাতনের বিষয়টি সত্য নয়।