২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনায় নেমে স্রোতে ভেসে গেছে এক স্কুল ছাত্রী

বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে সিরাজগঞ্জে যমুনা নদীতে নেমে প্রবল স্রোতে এক স্কুল ছাত্রী ভেসে গেছে বলে পুলিশ জানিয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 02:45 AM

Updated : 22 Aug 2022, 06:17 PM

এসময় তিনজন তীরে উঠতে পারলেও বুধবার রাত সাড়ে ১১টা পর্যন্ত স্কুলছাত্রী সোহেলী ফাতেমা তনীর কোন খোঁজ মেলেনি।

সদর থানার উপ-পরিদর্শক বদিউজ্জামান জানান, সিরাজগঞ্জ শহরের ধানবান্দি মহল্লার আনিছুর রহমানের মেয়ে তনী স্থানীয় সালেহা ইসহাক সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

তিনি বলেন, তনী ও তার পাঁচ বন্ধু মিলে দুপুরে শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্টের সামনে থেকে একটি নৌকায় করে সামনের চরে বেড়াতে যায় তারা। বন্ধুদের মধ্যে তিনজন ছেলে এবং দুজন মেয়ে ছিল।

“একপর্যায়ে দুই বন্ধু চরের উপর অবস্থান করলেও হৃদয় নামের এক বন্ধু এবং তিন বান্ধবী জেমি, এ্যামি ও তনী নদীতে নামে। এসময় প্রবল স্রোতে চারজনই নদীতে ভেসে যায়।

“স্থানীয় মাঝিরা তিনজনকে উদ্ধার করতে পারলেও তনীকে পাওয়া যায়নি।”

উদ্ধার দুই ছাত্রী জানিয়েছেন, নৌকায় তাদের সঙ্গে যাওয়া তিন ছেলেই তনীর বন্ধু। তারা শুধু হৃদয়ের নাম বলতে পারলেও অন্য দুজনের পরিয়চ জানাতে পারেনি।

নৌকার মাঝিকে খোঁজা হচ্ছে জানিয়ে পুলিশ কর্মকর্তা বদিউজ্জামান বলেন, “তাকে পেলে ঘটনা সর্ম্পকে আরো তথ্য জানা যাবে।”