২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা নেতার সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ইয়ান জুনকি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 12:15 AM

Updated : 22 Aug 2022, 06:17 PM

তিনি বুধবার সন্ধ্যায় গণভবনে সাক্ষাত করেন।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের বলেন, “ইয়ান জুনকি বলেছেন, এবার বাংলাদেশ সফরে তারা শেখ হাসিনার ওপর মানুষের বিশ্বাস ও আস্থার প্রতিফলন দেখেছেন।”

শেখ হাসিনার আসন্ন চীন সফরের কথা উল্লেখ করে জুনকি বলেন, এই সফর দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করবে।

বঙ্গবন্ধুর চীন সফরের কথাও উল্লেখ করেন চীনা কমিউনিস্ট পার্টির এই নারী নেত্রী।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিকসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন জুনকি।

বাংলাদেশের সঙ্গে চীনের ‘চমৎকার’ সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চীনকে খুবই কাছের বন্ধু হিসাবে বিবেচনা করে ঢাকা।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের চীনের সহায়তার কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী।

দু’দেশের সম্পর্ক আরো জোরদার করতে দু’দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফরের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

সাক্ষাতকালে আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী এবং প্রধানমন্ত্রীর সচিব আবুল কালাম আজাদ।

চীনা কমিউনিস্ট পার্টির এই নেতা বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গেও দেখা করেন।