২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার থেকে চলবে চবির ট্রেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষের আশ্বাসের পর বুধবার রাত থেকে শাটল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রেন চালক ও কর্মচারীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 12:07 AM

Updated : 22 Aug 2022, 06:17 PM

বুধবার বিকালে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তরে (সিআরবি) এ বিষয়ে বৈঠক শেষে তারা একথা জানান।

এর আগে নিরাপত্তার বিষয়ে ‘আশ্বস্ত’ না হওয়ায় বুধবার সকাল থেকে চবি ক্যাম্পাস ও নগরীর মধ্যে চলাচলকারী শাটল ট্রেন চলাচল বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি।

সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. রফিক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছে ভবিষ্যতে কোনো ধরনের হামলার ঘটনা হলে তারা ব্যবস্থা নেবেন।

“বৈঠকের পর রাত থেকেই শাটল চালানোর বিষয়ে আমরা সম্মতি জানিয়েছি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌলাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত সাড়ে ৮টা থেকেই ট্রেন চলবে।

গত মঙ্গলবার রাতে সাত দিনের মাথায় অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় চবি শাখা ছাত্রলীগের একাংশ।

গত এক সপ্তাহে ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ চলাকালে শাটল ট্রেনের চালকে ধরে নিয়ে যাওয়া, ইটের আঘাত ট্রেন চালক ও রেলওয়ে পুলিশ আহত হওয়ার ঘটনা ঘটে।

এর পরিপ্রেক্ষিতে বুধবার সকাল থেকে শাটল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি।