বাংলাদেশ দাবা দলে ডাচ কোচ
বিশ্ব দাবা অলিম্পিয়াডকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলকে প্রশিক্ষণ দেবেন রুশ বংশোদ্ভূত নেদারল্যান্ডসের সুপার গ্র্যান্ড মাস্টার সের্গেই তিভিয়াকভ। এক মাসের জন্য বাংলাদেশ দলের দায়িত্ব পেয়েছেন তিনি।
বুধবার বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারিক জানান, সের্গেই দেশের পাঁচ দাবাড়ুকে প্রশিক্ষন দেবেন। এক মাসের জন্য দায়িত্ব দেয়া হয়েছে তাকে। আগামী জুন মাস হবে এই প্রশিক্ষণ ক্যাম্প।
সে লক্ষ্যে চলতি মাসের শেষ সপ্তাহে সের্গেইয়ের ঢাকায় আসার কথা জানিয়েছেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক।
আগামী ১-১৫ অগাস্ট নরওয়ের ট্রমসোতে হবে বিশ্ব দাবা অলিম্পিয়াড।
বাংলাদেশ দলের হয়ে খেলবেন চারজন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, আব্দুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন এবং আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর। মূলত এই পাঁচ দাবাড়ুকে প্রশিক্ষণ দেবেন সের্গেই।
নেদারল্যান্ডসের হয়ে সের্গেই নিজেও দাবা অলিম্পিয়াডে অংশ নেবেন। তাই এক মাসের প্রশিক্ষণ ক্যাম্প শেষ করেই তিনি নিজ দেশে ফিরে যাবেন।
