চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজ
চট্টগ্রামে এক স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন তার স্বজনরা।
পুলিশ জানায়, এ ঘটনায় নগরীর চকবাজার থানায় একটি সাধারণ ডায়রি করেছে তার পরিবার।
নিখোঁজ পলাশ ধর (৩৮) নগরীর চকবাজার ধনিয়ার পুল এলাকার নিউ এসএন জুয়েলার্সের মালিক।
পালাশের ছোট ভাই শিমুল কান্তি ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত সোমবার বিকালে নোয়াখালী যাওয়ার জন্য বাসা থেকে বের হন পলাশ।
“রাত ১০টায় পলাশ নোয়াখালীতে বাস থেকে নেমে অন্য একটি মোবাইল ফোন থেকে তার মোবাইল হারানোর কথা জানান। রাত ১১টায় রাত্রিযাপনের জন্য একটি হোটেলে ওঠেন বলেও জানান।”
শিমুল জানান, এরপর থেকে পলাশের নিজের এবং যে মোবাইল ফোন থেকে কথা বলেছিলেন সেটি বন্ধ পাওয়া যাচ্ছে এবং দুই দিন ধরে তার ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
চকবাজার থানার ওসি আতিক আহামেদ চৌধুরী জানান, পলাশ চট্টগ্রাম থেকে নোয়াখালী পৌঁছানোর পর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছিলেন।
মোবাইল ফোনের সূত্র ধরে তার খোঁজ পাওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।
