কয়েকজনের অপরাধে গোটা র্যাব দায়ী নয়: কাদের
কয়েকজন র্যাব সদস্যের অপরাধের কারণে গোটা প্রতিষ্ঠানকে দায়ী করা যাবে না বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক ও ধলাই সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিএনপিই র্যাব প্রতিষ্ঠা করেছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, “তখন র্যাবের বিরুদ্ধে আমাদেরও অভিযোগ ছিল, কিন্তু বিলুপ্তি চাইনি।
“র্যাব তো অনেক ভালো কাজ করেছে, শুধু খারাপ কাজ করেছে তা তো নয়।”
সম্প্রতি নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র্যাবের তিন কর্মকর্তা জড়িত থাকার অভিযোগ ওঠার পর র্যাবকে বিলুপ্তির দাবি জানিয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার দল।
২০০৪ সালে র্যাব প্রতিষ্ঠা হয়।
খালেদা জিয়ার উদ্দেশে ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, “তিনি যে হাত দিয়ে র্যাবকে স্বাধীনতা পদক দিয়েছিলেন ক্ষমতায় গেলে সেই হাত দিয়ে তা কি ফিরিয়ে নেবেন?”
বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নানা ইস্যু খুঁজছে বলে মন্তব্য করে যোগাযোগমন্ত্রী বলেন, বিএনপি নতুন ইস্যু খুঁজছে, কখনো নারায়ণগঞ্জ নিয়ে আবার কখনো পদ্মাসেতু নিয়ে কথা বলছে। কিন্তু এগুলো অন্ধকারে ঢিল ছোঁড়া ছাড়া কিছু নয়।
পদ্মাসেতু সম্পর্কে যোগাযোগ মন্ত্রী বলেন, স্বপ্নের এই সেতু এখন পাইপ লাইনে, সম্পন্ন হয়েছে সকল প্রক্রিয়া। এখন মূল সেতু তৈরির সম্ভাব্যতা যাচাই চলছে।
এ সময় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের জানান, দুয়েকদিনের মধ্যেই জরুরি ভিত্তিতে সিলেট-ভোলাগঞ্জ সড়কের সংস্কার কাজ শুরু হবে।
এছাড়া সড়কটি স্থায়ীভাবে সংস্কারের জন্য ছয়শ’ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। একনেক এর অনুমোদন পেলেই বর্ষা মৌসুমের পরপরই কাজ শুরু হবে, বলেন তিনি।
