বাগেরহাটে ধর্মঘট প্রত্যাহার
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার নেতার জামিন মঞ্জুরের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে বাগেরহাট আন্তঃজেলা মটর শ্রমিক ইউনিয়ন।
ইউনিয়নের সভাপতি তালুকদার আব্দুল বাকি জানান, বুধবার দুপুরের দিকে বাগেরহাটের আদালতে তাদের সংগঠনের নেতা মিনা হাসিবুল হাসান শিপনের জামিন হওয়ার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
ফলে দুপুর দেড়টা থেকে জেলা শহর থেকে সব রুটে বাস চলাচল শুরু হয় বলে জানান আব্দুল বাকি।
আসামিপক্ষের আইনজীবী ফরিদ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক দুই পক্ষের শুনানি শেষে বাগেরহাট আন্তজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিপনের জামিন আবেদন মঞ্জুর করেন।
স্থানীয় জমি কেনাবেচা ও অর্থলগ্নিকারী একটি প্রতিষ্ঠানের মালিকপক্ষের করা চাঁদাবাজির মামলায় সোমবার গভীর রাতে গ্রেপ্তার করা হন শিপন (৪২) ও ছিদ্দিকুর রহমান (৩৬)।
শিপন বাগেরহাট পৌর যুবলীগের সভাপতি এবং বাগেরহাট পৌর সভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ছিদ্দিকুর তাঁতী লীগের যুগ্ম সম্পাদক।
বাগেরহাট মডেল থানার ওসি মো. আলী আজম খান জানান, বাগেরহাটের মুখ্য বিচারিক হাকিম আবু তাহের আসামির জামিন আবেদন মঞ্জুর করেছেন।
সোমবার শিপনের গ্রেপ্তারের খবর পেযেই মঙ্গলবার সকাল থেকে ধর্মঘটের ডাক দেয় তার অনুসারীরা।
