চট্টগ্রামে চলছে জামায়াতের হরতাল, আটক ২
নগর জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে ঢিলেঢালা ভাবে চলছে জামায়াত ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল।
নগরী ও জেলার কোথাও কোন ধরনের নাশকতা ও মিছিল সমাবেশের খবর পাওয়া যায়নি। তবে মিছিলের প্রস্তুতি নেয়ার সময় নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে ছাত্র শিবিরের দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার হরতালের ভোর থেকে গণপরিবহন চলাচল কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়তে শুরু করেছে। দূরপথের কোন বাস ছেড়ে না গেলেও রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
নগরীর ব্যাংক বীমা ও সরকারি অফিসে স্বাভাবিক কার্যক্রম চলছে, তৈরি পোশাক কারখানাগুলোতেও চলছে নিয়মিত কাজ।
নগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর কোথাও কোন ধরনের নাশকতা বা মিছিল সমাবেশের খবর পাওয়া যায়নি।
তিনি জানান, সকাল ৯টার দিকে আন্দরকিল্লা এলাকায় মিছিলের প্রস্তুতি নেয়ার চেষ্টাকালে শিবিরের দুইকর্মী আটক করেছে পুলিশ।
এদিকে, চট্টগ্রামের জামায়াত ঘাঁটি হিসেবে পরিচিত সাতকানিয়া-লোহাগাড়ায়ও কোন ধরনের সহিংসতা বা মিছিল সমাবেশের খবর পাওয়া যায়নি বলে জানান চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) একেএম এমরান ভূঁইয়া।
তিনি জানান, চট্টগ্রাম কক্সবাজার সড়কে যানচলাচল কম থাকলেও ছোট ছোট যানবাহন চলাচল স্বাভাবিক আছে।
এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল কম থাকলেও অনেকটা স্বাভাবিক বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম।
সোমবার চট্টগ্রাম নগর জামায়াতের আমীর ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলামসহ ২১জনকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামে বুধবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াত ইসলামী।
