বরিশাল জামায়াতের আমির গ্রেপ্তার
নাশকতা পরিকল্পনার অভিযোগে বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির মোয়াজ্জম হোসাইন হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরিশাল মহানগর কোতোয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত নেতা হেলাল সহযোগীদের নিয়ে নগরীতে নাশকতার পরিকল্পনা করছে এমন খবর পেয়ে রাতে ওই এলাকায় তার বাস ভবন ‘কুসুমালয়ে’ অভিযান চালায় পুলিশ। তবে তাকে সেখানে না পেয়ে ‘রুনাস ভিলা’ নামে পাশের একটি চার তলা ভবনে অভিযান চালানো হয়। ওই ভবনের দ্বিতীয় তলায় পাওয়া যায় তাকে।
তার বিরুদ্ধে হরতালে যানবাহনে ভাংচুর, সরকারি কাজে বাধাদান, নাশকতা সৃষ্টিসহ থানায় একাধিক মামলা রয়েছে।
