ফরিদপুরে বজ্রপাত ও ঝড়ে নিহত ২
ফরিদপুরের সদরপুর উপজেলায় বজ্রপাতে এক গৃহবধু এবং ভাঙ্গা উপজেলায় ঝড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এ দুটি ঘটনায় মারা যায় সদরপুরে ঢেউখালী ইউনিয়নের চরকুমারিয়া গ্রামের কাসেম মুন্সীর স্ত্রী জহুরা বেগম (৪৫) এবং ভাঙ্গায় হামিরদী গ্রামের টুকু মিয়ার ছেলে মাহফুজ (৫)।
ঢেউখালী ইউপি চেয়ারম্যান কোহিনুর বেগম জানান, প্রচণ্ড ঝড়ের সময় সন্ধ্যা সোয়া ৬টায় জহুরা উঠোনে রাখা জ্বালানি কাঠ রান্নাঘরে নিচ্ছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অপরদিকে ভাঙ্গার হামিরদী ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন জানান, মাহফুজ ঝড়ের সময় রাত সাড়ে ৭টার দিকে ঘরের বাইরে যায়। এ সময় একটি গাছ ভেঙে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
