২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদল নেতার লাশ ফেরত চায় স্বজনরা

লক্ষ্মীপুরে র‌্যাবের গুলিতে নিহত হয়েছে দাবি করে এক যুবদল নেতার লাশ ফেরত চেয়েছে তার পরিবার।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 03:55 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোডে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে নিহত জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ জুয়েলের পরিবারের সদস্যরা এ দাবি জানান।

স্বজনদের দাবি, গত ১২ ডিসেম্বর জুয়েল র‌্যাবের গুলিতে নিহত হন, কিন্তু এখনো তারা লাশ পাননি।

সংবাদ সম্মেলনে জুয়েলের স্ত্রী মনোয়ারা বেগম, বাবা নুরুল ইসলাম, মেয়ে আফিয়া মাহমুদ নাহাদী ও  ভাই সোহেল উপস্থিত ছিলেন।

জুয়েলের স্ত্রী মনোয়ারা বেগমের অভিযোগ, গত বছরের ১২ ডিসেম্বর বিনা উসকানিতে র‌্যাব-১১ এর এক কর্মকর্তা লক্ষ্মীপুর চক মসজিদের সামনে জুয়েলের মাথায় গুলি করেন।

এতে ঘনাস্থলেই জুয়েল মারা যান এবং তার লাশ র‌্যাবের গাড়িতে করে নিয়ে যায়।

মনোয়ারা বলেন, ওইদিন জুয়েলের লাশের দাবিতে লক্ষ্মীপুরের সাধারণ মানুষ র‌্যাবের গাড়ি অবরোধ করে। তখন র‌্যাবের গুলিতে পাঁচজন নিহত হয়।

লাশ না পাওয়ায় স্বজনরা মৃত্যুসনদও পাননি। আর সে কারণে পরিবারের সদস্যরা বিড়ম্বনা ও হয়রানির শিকার হচ্ছেন।

মনোয়ারার অভিযোগ, জুয়েলের মৃত্যুর তারা থানায় মামলা করতে গেলে পুলিশ তাদের মামলা ও সাধারণ ডায়েরি নেয়নি।

সংবাদ সম্মেলনে নিহতের স্বজনরা লাশ ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। হত্যাকারীদের বিচারও দাবি করেন।