গ্রেপ্তারের প্রতিবাদে বাগেরহাটে পরিবহন ধর্মঘট
বাগেরহাট আন্তঃজেলা মটর শ্রমিক ইউনিয়নের ডাকা পরিবহন ধর্মঘটে জেলা শহরের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
চাঁদাবাজি ও হামলার মামলায় এক শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের এ কর্মসূচি পালন করছে সংগঠনটি।
বাগেরহাট মডেল থানার ওসি মো আলী আজম খান জানান, সোমবার রাতে নিউ বসুন্ধরা রিয়েলস্টেট লিমিটেড নামে একটি জমি কেনাবেচা ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো. আবু জাফরের করা চাঁদাবাজির মামলায় গভীর রাতে গ্রেপ্তার করা হয় শ্রমিক নেতা মিনা হাসিবুল হাসান শিপন (৪২) ও ছিদ্দিকুর রহমানকে (৩৬)।
এদের মধ্যে শিপন বাগেরহাট আন্তজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি বাগেরহাট পৌর যুবলীগের সভাপতি এবং বাগেরহাট পৌর সভার ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে রয়েছেন। ছিদ্দিকুর তাঁতীলীগের যুগ্মসম্পাদক।
ধর্মঘটের সমর্থনে সকাল থেকেই বাগেরহাট-খুলনা সড়কসহ অভ্যন্তরীণ ১৬টি রুটে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা।
এছাড়া নেতার মুক্তির দাবিতে সকালের দিকে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে। পরে তারা মিছিল নিয়ে বাগেরহাট মডেল থানার দিকে আসার চেষ্টা করলে পুলিশ তাদের শহীদ মিনার এলাকায় আটকে দেয়। এই ঘটনার পর শহরের দোকানপাটও বন্ধ রয়েছে।
ওসি আলী আজম জানান, কাউন্সিলরের সমর্থকরা বাগেরহাট থেকে যান চলাচল বন্ধ করে রেখেছে। সকাল পৌনে ৯টার দিকে একদল উৎশৃঙ্খল সমর্থক মিছিলসহ জোর করে থানায় প্রবেশের চেষ্টা করে। তারা কর্তব্যরত পুলিশের উপর ইট ছুড়েছে। এক পর্যায়ে পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
‘নিউ বসুন্ধরা রিয়েল স্টেট প্রাইভেট লিমিটেডের’ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার সন্ধ্যার দিকে আমার ছেলে জাকারিয়া হাসানকে রাস্তায় তার গাড়ি থামাতে বলে ছিদ্দিকুর রহমান। কিন্তু গাড়ি না থামানোয় ওই ব্যক্তি মোটরসাইকেলে এসে নুর মসজিদ এলাকায় আমার ছেলের গাড়ি থামিয়ে তাকে মারধর করে চলে যায়। পরে ছিদ্দিক শ্রমিকনেতা শিপনসহ শতাধিক লোকজন নিয়ে শহরের মিঠাপুকুরপাড় এলাকায় আমার কার্যালয়ে এসে কুড়ি লাখ টাকা চাঁদা দাবি করে। ওই চাঁদার টাকা না পেয়ে তারা কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে চলে যায়। এই ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
মামলায় শ্রমিক নেতা শিপন ও ছিদ্দিকুরসহ ১৫ জনের নাম উল্লেখ রয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরো এক দেড়শ লোককে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন মডেল থানার ওসি আজম।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন শ্রমিক নেতার বড় ভাই বাগেরহাট আন্তজেলা বাস মিনিবাস সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বাদল মিনা।
তিনি দাবি করেন, সাজানো মিথ্যা মামলায় শিপনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিদ্দিক ও মান্নানের ভুল বোঝাবুঝি কাটাতে শিপন ওই কার্যালয়ে যান। এসময় মান্নানের লোকজন সিদ্দিকের গায়ে হাত তোলে। এতে দুই পক্ষের মধ্যে মারামারি হয়।
“তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি মিথ্যা মামলায় শ্রমিক নেতা শিপনকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা যান চলাচল বন্ধ করে দিয়েছে। শিপনের মুক্তি না হওয়া পর্যন্ত শ্রমিকদের ধর্মঘট চলবে।”
বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্লা জানান, পৌর কাউন্সিলর শিপনসহ দুই জনকে সুনির্দিষ্ট একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তারা ওই মামলার এজাহার নামীয় আসামি। এই ঘটনায় ওই কাউন্সিলরের কিছু উৎশৃঙ্খল সমর্থক যানবাহন চলাচল বন্ধ করে এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে। তাদের প্রতিহত করতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গ্রেপ্তারের আগে শিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট একটি প্রতারক চক্র। অধিক মুনাফার প্রলোভন দিয়ে তারা অবৈধ ব্যাংকিংয়ের মাধ্যমে শত শত সাধারণ মানুষকে সর্বসান্ত্ব করছে। আমি তাদের এই অত্যাচারের প্রতিবাদ করেছি।”
