জামায়াতের শামসুলসহ ২১ জন কারাগারে
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির আ ন ম শামসুল ইসলামসহ ২১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার নগরীতে দলীয় কার্যালেয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার এই নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠিয়েছিল পুলিশ।
এই গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামে হরতাল ডেকেছে জামায়াত।
জামায়াত নেতাদের আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন হেফাজতের আবেদনও করে পুলিশ। পাশাপাশি তাদের পক্ষে জামিনের আবেদনও করে জামায়াত।
দুই আবেদন গ্রহণ করে চট্টগ্রামের মহানগর হাকিম রহমত আলী আগামী রোববার এই বিষয়ে শুনানির দিন ঠিক করে গ্রেপ্তার সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আটকের পর থেকে থানা হাজতে থাকা ২১ জনকে দুপুর আড়াইটার দিকে আদালতে নেয়া হয়। এই সময় জামায়াতের কর্মীরা জড়ো ছিলেন আদালত প্রাঙ্গণে।
সাবেক সংসদ সদস্য শামসুল ইসলাম কর্মীদের উদ্দেশে ‘ভি’ চিহ্ন দেখান। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।
সোমবার বিকালে নগরীর সিরাজ উদ দৌল্লাহ সড়ক সংলগ্ন দেওয়ানজী পুকুর লেইন এলাকায় জামায়াত কার্যালয় থেকে আটকের পর রাতে কোতোয়ালি থানায় এসআই ইমাম হোসেন বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে (সংশোধিত ২০১২) তাদের বিরুদ্ধে মামলা করেন।
আটকের সময় জামায়াত কার্যালয় থেকে পেট্রোল, পটাশ, বোতল, লিফলেটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার শাহ আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল।
“তাদের কার্যালয় থেকে রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহারের জন্য মজুদ রাখা বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। এ অভিযোগে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়েছে।”
কোতোয়ালি থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বলেন, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে শামসুল ইসলামের বিরুদ্ধে ছয়টি, নগর জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলামের বিরুদ্ধে ১২টি মামলা আছে।
“গ্রেপ্তার নেতাকর্মীদের অধিকাংশের বিরুদ্ধে নগরী ও জেলার বিভ্ন্নি থানায় একাধিক মামলা আছে। যেসব মামলায় তারা পলাতক আছেন, সেসব মামলায় পর্যায়ক্রমে তাদের গ্রেপ্তার দেখানো হবে।”
গ্রেপ্তারদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও চট্টগ্রাম বন্দরের এক কর্মকর্তাও রয়েছেন।
