রাষ্ট্রপতির সঙ্গে চীনের জেনারেলের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় মিলিটারি কমিশনের ভাইস-চেয়ারম্যান মার্শাল জেনারেল জু কুইলিয়াং।
সোমবার বিকালে বঙ্গভবনে দুজনের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয় বলে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন।
কুইলিয়াং বলেন, তার এই সফরের উদ্দেশ্য দুই দেশ এবং এর সশস্ত্র বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করা।
তিনি রাষ্ট্রপতিকে বলেন, “আন্তর্জাতিক ও নিরাপত্তা ইস্যুতে দুই দেশে অভিন্ন মত পোষণ করে। দুই দেশের ভবিষ্যত সম্পর্ক নিয়ে আমরা একই ধরনের প্রত্যাশা করি।”
বাংলাদেশের ‘এক চীন নীতি’র প্রশংসা করে তিনি বলেন, চীনের অর্থনৈতিক উন্নয়নের সুফল প্রতিবেশী রাষ্ট্রগুলোও পাবে।
প্রস্তাবিত বাংলাদেশ-মিয়ানমার-চীন সড়ক যোগাযোগ প্রকল্প বাস্তবায়ন হলে তিন দেশের অর্থনীতিতেই ইতিবাচক প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন চীনা জেনারেল।
রাষ্ট্রপতি চীনের অর্থনীতির প্রসারের দিকটি তুলে ধরে দুই দেশের সম্পর্কে আরো গভীর করার ওপর জোর দেন।
চীনের উন্নতি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নিয়ামক হিসেবে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন আবদুল হামিদ।
রাষ্ট্রপতি এ সময় বাংলাদেশের প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতার জন্য সন্তোষ প্রকাশ করেন।
