২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ক্রিকেট খেলা নিয়ে বিবাদে তরুণকে পিটিয়ে হত্যা

নোয়াখালী সদর উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে বিবাদে এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 12:24 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

সুধারম থানার ওসি মোশাররফ হোসেন জানান,  রোববার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যায় জাহিদ হাসান (১৮)।

জাহিদ উপজেলার দাদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে।

ওসি মোশাররফ হোসেন বলেন, শনিবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি মাঠে ক্রিকেট খেলা নিয়ে জাহিদের সঙ্গে একই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে মামুনুর রশীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মামুন ক্রিকেটের ব্যাট দিয়ে জাহিদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

এতে গুরুতর আহত জাহিদকে প্রথমে জেলা শহরের গুডহিল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সকালে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর থেকে মামুন পলাতক রয়েছে বলে জানান ওসি।