২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৫ শ্রমিক নিহত হয়েছেন, যাদের অন্তত চারজন বাংলাদেশি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 12:36 AM

Updated : 25 Apr 2022, 04:10 PM

নিহত বাংলাদেশিরা হলেন- চাঁদপুর সদরের মাসুম ঢালী (২৫), চট্টগ্রামের সীতাকুণ্ডের বদরুল হাসান (৩৫), চাঁদপুর মতলবের আলমগীর (৩২) ও সিলেটের জৈন্তাপুরের নজরুল ইসলাম (২৮)।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের পরিচালক নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

দুবাইয়ের এমিরেটস সড়কে শনিবার ভোর সাড়ে ৬টায় (স্থানীয় সময়) এই দুর্ঘটনা ঘটে বলে আমিরাত পুলিশ জানিয়েছে। এতে আহত হয়েছেন ১৪ জন।

দুবাইয়ের পুলিশ প্রধান কর্নেল আলী গানিম বলেন, শ্রমিকবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হলে হতাহতের এই ঘটনা ঘটে। দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি কেটে নিহত-আহতদের বের করে আনা হয়।

গালফ নিউজ জানিয়েছে, পুলিশ দুটো গাড়ির চালককে গ্রেপ্তার করেছে। তারা দুজনই পাকিস্তানি।