‘সুন্দরবনকে লুটেরাদের হাত থেকে বাঁচাতে হবে’
সুন্দরবনকে লুটেরাদের হাত থেকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির চেয়ারম্যান সুলতানা কামাল।
শনিবার মংলা বন্দর শ্রমিক সংঘ মিলনায়তনে পরিবেশ মহাসমাবেশের বক্তব্যে সুলতানা কামাল বলেন, সুন্দরবন ধ্বংস করে বিদ্যুতের প্রয়োজন নেই। রামপালে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র না করে বিকল্প শক্তির ব্যবহার করতে হবে।
সুন্দরবনের পাশ থেকে সকল বিদ্যুৎ কেন্দ্র অপসারণ ও বন বিরোধী সকল কার্যক্রম বন্ধের দাবিতে পরিবেশ মহাসমাবেশের আয়োজন করে সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন।
সুন্দরবন একটি আন্তর্জাতিক সম্পদ উল্লেখ করে আইন ও শালিস কেন্দ্রের এই নির্বাহী পরিচালক বলেন, “তাই আন্দোলন থেকে কেউ সরে যাবেন না। সম্মিলিত শক্তির উত্থান ঘটিয়ে সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে।”
সমাবেশে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক শরীফ জামিল বলেন, “বিদ্যুতের উন্নয়ন মানে সামগ্রিক উন্নয়ন নয়। বিশ্বের বিভিন্ন দেশ নোংরা জ্বালানি কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন না করার সিদ্ধান্ত নিয়েছে।”
সেভ দ্যা সুন্দরবন ফাইন্ডেশনের চেয়ারমান ফরিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বাগেরহাট ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির হোসেন, মংলা বন্দর শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক এ কে এম সাহাবুদ্দিন প্রমুখ।
বাগেরহাটের রামপালের সাপমারি ও কাটাখালী এলাকায় বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের মাত্র সাড়ে নয় কিলোমিটার দূরে বাংলাদেশ সরকার ভারতের সঙ্গ যৌথভাবে দুটি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়। প্রায় এক হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন এ দুটি বিদ্যুৎ কেন্দ্রের জন্যে এক হাজার ৮৩৪ একর কৃষিজমি অধিগ্রহণ করা হয়।
তবে সুন্দরবনের পরিবেশ ও প্রাণ বৈচিত্র রক্ষায় তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ স্থানীয় মানুষ ও দেশের পরিবেশবাদীরা সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে।
