চট্টগ্রামে নিরাপত্তাকর্মীর গুলিতে নিহত ১
চট্টগ্রামের খুলশীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীদের গুলিতে স্থানীয় এক দর্জি নিহত হয়েছেন।
খুলশী থানার এসআই লোকমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত ১২টার দিকে লালখান বাজারের আমবাগান এলাকায় ‘একে খান গ্রুপের’ মালিকানাধীন পাহাড়ের সীমানার কাছে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিনের (২০)বাড়ি কুমিল্লা জেলার চান্দিনায়। আমবাগান এলাকায় তার একটি টেইলার্স আছে।
এসআই লোকমান বলেন, “আমিন রাতে নিজের দোকান থেকে বেরিয়ে ওই এলাকায় নালার পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলেন, এসময় প্রতিষ্ঠানটির নিজস্ব নিরাপত্তাকর্মীদের ছোড়া গুলিতে নিহত হন।”
ওই পাহাড় সংলগ্ন এলাকায় সীমানা নিয়ে স্থানীয় ছিন্নমূলদের সঙ্গে ওই বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
এদিকে, আমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই স্থানীয়রা বিক্ষোভ মিছিল করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
