২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুন: তদন্ত কমিটির সামনে স্বজনরা

নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত খুনের ঘটনায় জড়িতদের শনাক্তে হাই কোর্টের নির্দেশে গঠিত কমিটির কাছে সাক্ষ্য দিচ্ছেন নিহতদের পরিবারের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 12:14 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে জবানবন্দি নেয়া শুরু করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে গঠিত কমিটি। 

জেলা প্রশাসকের কার্যালয়ে কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম ও শ্বশুর শহীদুল ইসলাম এবং চন্দনের মেয়ে সেঁজুতিসহ সাতজনের পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন।

তিন দিনের মাথায় শীতলক্ষ্যা নদীতে অপহৃতদের লাশ ভেসে ওঠে, যাদের অপহরণের পরপরই হত্যা করা হয়েছিল বলে ময়না তদন্তকারী চিকিৎসকরা জানিয়েছেন।

নিহত নজরুল ইসলামের পরিবার থেকে ওই হত্যাকাণ্ডে র‌্যাব সদস্যদের জড়িত থাকার অভিযোগ ওঠার পর ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যের একটি কমিটি গঠন করে র‌্যাব।

সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর র‌্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মাহমুদ, মেজর আরিফ হোসেন এবং লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানাকে অকালীন এবং বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে।

ঘটনা তদন্ত করার জন্য হাই কোর্টও একটি কমিটি গঠনের নির্দেশ দেয়, যে কমিটির কাছে শনিবার জবানবন্দি দিচ্ছেন নিহতদের স্বজনরা।