অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে রামকৃষ্ণ আশ্রম
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নীলফামারী সদরের ৩২টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে দিনাজপুরের খানসামা উপজেলার রামকৃষ্ণ সেবা আশ্রম।
শুক্রবার বিকালে উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের বারোঘরিয়া দক্ষিণ সুটিবাড়ি গ্রামের ডাঙ্গাপাড়ায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন আশ্রমের লোকজন।
ওই ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান আলী ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে একটি শাড়ি, পাঁচ কেজি চাল, তিন কেজি আলু এবং ৫০০ গ্রাম ডাল তুলে দেন।
এ সময় সেবা আশ্রমের সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র, নির্বাহী সদস্য জগেন্দ্র নাথ রায়সহ আশ্রমের ভক্তরা উপস্থিত ছিলেন।
আশ্রমের সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র বলেন, "যে ক্ষতি হয়েছে তার তুলনায় আমাদের সহায়তা নগণ্য। তারপরও আশ্রম পাশে দাঁড়িয়ে তাদের কষ্টটুকু ভাগাভাগি করে নিয়েছে মাত্র।"
গত ১৯ এপ্রিল ওই এলাকায় আগুন লেগে ৩২টি পরিবারের শতাধিক ঘর পুড়ে যায়।
