২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থানায় ৪১ ঘণ্টা, পরে ছিনতাই মামলায় আদালতে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় ৪১ ঘণ্টা আটক রাখার পর ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই যুবককে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 07:15 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

শ্রীমঙ্গল শহর থেকে বুধবার রাত ৮টায় আটকের পর শুক্রবার দুপুর দেড়টায় তাদের আদালতে পাঠানো হয়।

এ ব্যাপারে সিলেটের ডিআইজি মকবুল হোসেন ভূইয়া বলেন, ২৪ ঘণ্টার বেশি কাউকে থানায় আটক রাখার বিধান নেই। ২৪ ঘন্টার মধ্যে আটক ব্যক্তিকে আদালতে পাঠাতে হবে।

কালাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের নানু মিয়ার ছেলে তপুকে (২০) শ্রীমঙ্গল শহরের হানিফ বাস কাউন্টার থেকে এবং সদর ইউনিয়নের ইছবপুর গ্রামের প্রয়াত ইসলাম মিয়ার ছেলে জুনেদ আহমেদকে(২৫) শহরের জিলানি হোটেল থেকে বুধবার রাতে আটক করে পুলিশ।

তাদের স্বজনদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই তাদের আটক করে পুলিশ থানায় নিয়ে যায়।

তবে তাদের নিকটাত্মীয় কালাপুর ইউনিয়নের আব্দুল আহাদ অভিযোগ করেন, আটকের পর তিনিসহ পরিরারের লোকজন থানায় গিয়ে আটকের কারণ জানতে চাইলেও পুলিশ তা জানাতে অপরাগতা জানায়।

শুক্রবার দুপুর পর্যন্ত থানায় যোগাযোগ করলেও পুলিশ তাদের কোনো সদুত্তর দেয়নি কিংবা আটকদের আদালতেও সোর্পদ করেনি।

অবশেষে একটি ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বেলা দেড়টার দিকে থানা থেকে তাদের মৌলভীবাজার আদালতে পাঠানো হয়, বলেন আব্দুল আহাদ।

তিনি আরো জানান, তাদের কাছ থেকে ছিনতাইয়ের টাকা উদ্ধার না করেই স্বীকারোক্তি দিয়েছে বলে পুলিশ যে দাবি করছে তা সঠিক নয়।

পুলিশ গা বাঁচাতেই এ মামলায় তাদের ফাঁসিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩মে রাতে সদরের রবার্ট হল রোডে আলী ট্রেড্রার্সের ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে আট লাখ টাকা ছিনতাই করা হয়।

এ ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করে তপু ও জুনেদ পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে বলে দাবি করেন ওসি।

ছিনতাইয়ের সঙ্গে কজন অংশ নিয়েছিল, তাদের মধ্যে ভাগ-বাটোয়ারায় কে কত টাকা নিয়েছে তাও পুলিশের কাছে স্বীকার করেছে বলে দাবি করেন তিনি।

তবে, লুণ্ঠিত টাকা উদ্ধার হয়নি বলে জানান ওসি।

মৌলভীবাজারের পুলিশ সুপার তোফায়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদী মামলা দিতে দেরি করায় শুক্রবার বেলা ১০টায় মামলা নথিভুক্ত হয় এবং দুপুর দেড়টার দিকে তাদের আদালতে পাঠানো হয়।

মামলাটি করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. ইসহাক। এ মামলায় তাদের আসামি করা হয়েছে।

তবে কাউকে ২৪ ঘণ্টার বেশি থানায় আটক রাখার বিধান নেই বলে জানান মৌলভীবাজার জেলার আইনজীবী রুনু কান্ত দাশ রঞ্জু।

রুনু কান্ত দাশ রঞ্জু বলেন, ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত সম্পন্ন না করা গেলে তদন্তকারী কর্মকর্তা নির্ধারিত ডাইরিতে ঘটনা লিপিবদ্ধ করে তার নকলসহ গ্রেপ্তার ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানোর আইন রয়েছে।