২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে হঠাৎ বন্যা

ভারি বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আকস্মিক বন্যা হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 05:45 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে কমলগঞ্জ শহরের নতুন ব্রিজের কুমড়াকাপন এলাকায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে প্রবল বেগে পানি প্রবেশ করে শহরের নিম্নাঞ্চল তলিয়ে যায়। এর আগে কমলগঞ্জ পৌর এলাকার গোপাল নগর, কমলগঞ্জ সদর ইউনিয়নের উজিরপুর ও ইসলামপুর ইউনিয়নের সরিষাবিল এলাকার ভাঙ্গন দিয়ে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

অনেকেই রাতে বাড়ি-ঘড় ছেড়ে নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নেন।

ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের চারটি জায়গার ফাটল থেকে বন্যার পানি আসায় ১৫টি গ্রামের প্রায় ৫০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

শুক্রবার কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পৌর মেয়র আবু ইব্রাহীম জমসেদ বাঁধ পরিদর্শন করেছেন।

ইউএনও জাহিদুল ইসলাম জানান, কমলগঞ্জ পৌর এলাকার ধলাই নদীর নতুন ব্রিজের পাশের ফাটল তিনি পরিদর্শন করেছেন। মেরামতের চেষ্টা করা হলেও তা সফল হয়নি।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আজিজ মোহাম্মদ চৌধুরী জানান, ধলাই নদীর ১০টি স্থান এখনো ঝুঁকিপূর্ণ রয়েছে।

নদীর পানি শুক্রবার বিপদসীমার এক ইঞ্চি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও জানান তিনি।

নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির পক্ষ থেকে মাইকিং করে ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে।

ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া জানান, দক্ষিণ গোলের হাওর এলাকায় ৩৫টি পরিবার পানিবন্দি রয়েছে। তাৎক্ষণিকভাবে এসব পরিবারে  চিড়া ও গুড় বিতরণ করা হয়েছে।

আলেপুর গ্রামের নজমুল ইসলাম, আলমাছ মিয়া, সিরাজুল ইসলাম ও খোকন মিয়া জানান, পানি উন্নয়ন বোর্ডের গাফিলাতির কারণে ধলাই ব্রিজের বাঁধ মেরামতের কাজ যথাসময়ে শেষ হয়নি। যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙ্গে একটি প্রাইমারি স্কুলসহ আলেপুর গ্রামটি তলিয়ে যেতে পারে।

কমলগঞ্জ পৌর মেয়র আবু ইব্রাহিম জমশেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ধলাই নদীর একাধিক স্থান ঝুঁকিপূর্ণ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানানোর পরও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি।