শেরপুরে ট্রাক চাপায় শিশু নিহত
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার সকালে কালীবাড়ী বাজার এলাকায় শেরপুর-ঝিনাইগাতী সড়কে এ দুর্ঘটনায় মারা যায় জনি বর্মন (১০)।
জনি উপজেলার চেঙ্গুরিয়া এলাকার ধর্ম বর্মনের ছেলে এবং চেঙ্গুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
ঝিনাইগাতী থানার ওসি একেএম ফছিহুর রহমান জানান, সকাল ৯টার দিকে রাস্তা পারাপারের সময় ট্রাকটি জনিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা চালকসহ ট্রাকটি আটক করে পুলিশে দেয়।
এ সময় বিক্ষুব্ধ জনতা এক ঘন্টা ওই সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে স্পিড ব্রেকার করে দেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।
