২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ী সীমান্তে 'দুই পাচারকারী' গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে পাচারকারী সন্দেহে নারীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুই তরুণীকে উদ্ধার করা হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 05:25 PM

Updated : 25 Apr 2022, 04:09 PM

বৃহস্পতিবার গভীর রাতে ফুলবাড়ী উপজেলার গজেরকুটি সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

শুক্রবার আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন গজেরকুটি গ্রামের আব্দার আলীর ছেলে আব্দুর রশিদ(৩৫) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের তাজুল ইসলামের স্ত্রী যমুনা বেগম (২৮)।

ফুলবাড়ী থানার ওসি বজলুর রশিদ জানান, গ্রেপ্তার দুজন ভালো কাজের প্রলোভন দেখিয়ে গোবিন্দগঞ্জের দুই তরুণীকে ভারতে পাচার করছিল।

যমুনা বেগম বৃহস্পতিবার দুপুরে ওই দুই তরুণীকে আব্দুর রশিদের বাড়িতে এনে রাখে। রাতে সীমান্তে ভারতীয় দালালদের হাতে তুলে দেয়ার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়।

তারা বিষয়টি ফুলবাড়ী বালারহাট বিজিবি ক্যাম্পে জানালে আব্দুর রশিদের বাড়ি ঘেরাও করে বিজিবির সদস্যরা। এ সময় তরুণী দুজনের স্বীকারোক্তি অনুযায়ী তাদের আটক করা হয়।

পরে বালারহাট বিজিবির হাবিলদার শফিকুল ইসলাম দুই পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে আসামিদের থানায় সোর্পদ করে।

কুড়িগ্রাম বিজিবি-৪৫ এর শিমুলবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পাচারকারীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।