ঝালকাঠীতে খাল থেকে লাশ উদ্ধার
ঝালকাঠীর নলছিটি উপজেলার একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরমহল খালে ভাসমান লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নলছিটি থানার ওসি (তদন্ত) মাকসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর বলেও জানান তিনি।
ওসি আরো জানান, সুরহতালে কোন আঘাত বা ক্ষত চিহ্ন পাওয়া যায়নি।
ময়নাতদন্তের জন্য লাশটি ঝালকাঠী সদর হাসপাতালের মর্গে আনা হচ্ছে।
কুশঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আশ্রাফ হাওলাদার জানান, অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে কয়েকদিন ধরে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে।
সে মানসিক প্রতিবন্ধী ছিল বলেও জানান আশ্রাফ হাওলাদার।
