মানবাধিকার পরিস্থিতিতে ‘উদ্বিগ্ন’ ইইউ রাষ্ট্রদূতরা
দেশের চলমান মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার রাজধানীতে ইইউ’র স্থায়ী দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে রাজনৈতিক সঙ্কট নিরসনে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আবারো সংলাপের আহ্বান জানান ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হানা। এসময় তার পাশে ছিলেন আটটি ইউরোপীয় দেশের রাষ্ট্রদূত।
হানা বলেন, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন ও রাজনৈতিক পরিস্থিতি আন্তঃসম্পর্কিত।
৯ মে ‘ইউরোপ ডে’র আগে দিবসটি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হলেও নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতখুনের প্রেক্ষাপটে মানবাধিকার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নই প্রাধান্য পায়।
এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য না করলেও তারা বলেন, তারা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। তারা বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সব ঘটনার যথাযথ তদন্ত করে বিচার করা উচিত।
১৯৫০ সালের এই দিনে ফ্রান্সের রাষ্ট্রদূত রবার্ট শুম্যানের একটি ঘোষণার মধ্য দিয়ে বর্তমানের ২৮টি ইউরোপীয় দেশের এই জোটের ভিত্তি তৈরি হয়। একারণে ৯ মে ‘ইউরোপ ডে’ হিসেবে পালন করে ইউরোপীয় ইউনিয়ন।
এসময় ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার নিক লো, ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যান ফুল এস্কেয়া, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত শেরবেন জুর্দ ডি জং, স্পেনের রাষ্ট্রদূত লুইস তেখাদা চাকন, ফরাসি রাষ্ট্রদূত মিশেল ত্রাঁকিয়ে, জার্মান রাষ্ট্রদূত আলব্রেখট কোনজে, সুইডেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কারিন রোলিন ও ইতালির দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এডমন্ডো ফ্যালকনি উপস্থিত ছিলেন।
